২ ডিসেম্বর ২০১৭ - ১৬:০৩
সাদ হারিরিকে বার্তা দিলেন হাসান নাসরুল্লাহ

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

আবনা ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ মহাসচিবের ওই বার্তা পৌঁছে দিয়েছেন সংগঠনটিরই এক প্রভাবশালী কর্মকর্তা। হিজবুল্লাহর কোন কর্মকর্তা বার্তাটি পৌঁছে দিয়েছেন তা স্পষ্ট করা হয় নি।
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সর্বাত্বক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। হিজবুল্লাহ মহাসচিব তার চিঠিতে বলেছেন, লেবাননে স্থিতিশীলতা জোরদার, বর্তমান সরকারকে টিকিয়ে রাখা, সাদ হারিরির বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবিলা এবং যেকোনো বিশৃঙ্খলা রুখে দেওয়ার ক্ষেত্রে হিজবুল্লাহ সাদ হারিরির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। একইসঙ্গে যেকোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে সাদ হারিরির সঙ্গে সমন্বয় করবে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ কয়েকটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, সাদ হারিরির দপ্তরের পরিচালক নাদের হারিরির সঙ্গে হিজবুল্লাহর রাজনীতি বিষয়ক উপপ্রধানের কয়েক দফা বৈঠক হয়েছে।তবে অদূর ভবিষ্যতে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাদ হারিরির মধ্যে বৈঠকের সম্ভাবনা আছে কিনা সে বিষয়টি এখনও কোনো পক্ষ থেকেই পরিস্কার করা হয় নি।
২০১৭ সালের ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এরপর লেবাননে ফিরে তিনি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের আহ্বানে পদত্যাগ স্থগিত রেখেছেন।#